জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
ফোন: 01608783515
বুধবার (৮ এপ্রিল) পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন অমান্য করায় ৭ জনকে অর্থদণ্ড এবং সরকারি নির্দেশ অমান্য করায় এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়।দুপুরে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন এলাকা সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর ৬৬ ও ৭২ ধারা লঙ্ঘনের অভিযোগে ৪টি মামলা করা হয় এবং ৭ জনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে ইউএনও জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং লাইসেন্সবিহীন চালকদের দৌরাত্ম্য কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।অন্যদিকে, সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মোবারক হোসেন (৩০) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস এ দণ্ডাদেশ প্রদান করেন। মোবারক হোসেন উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল মনে করছেন, এ ধরনের দ্রুত ব্যবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৈনিক চেতনার কন্ঠ