ঢাকা | বঙ্গাব্দ

সংশ্লিষ্ট প্রশাসনের সম্পৃক্ততায় মসজিদের নাম বদল করে সরকারি ভাতা লুট

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
সংশ্লিষ্ট প্রশাসনের সম্পৃক্ততায় মসজিদের নাম বদল করে সরকারি ভাতা লুট ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ বদরুজ্জামান বিপ্লব
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি মসজিদের নাম ও অবস্থান পরিবর্তন করে সরকারি সম্মানী ভাতার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ফুলবাড়ী ইউনিয়নের একটি মসজিদকে কাগজপত্রে ভাঙ্গামোড় ইউনিয়নের মসজিদ হিসেবে দেখিয়ে অনৈতিকভাবে ভাতা উত্তোলনের চেষ্টা চলছে। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত উপকারভোগীরা, আর বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালিকাভুক্ত মসজিদটির প্রকৃত অবস্থান ফুলবাড়ী ইউনিয়নে হলেও প্রশাসনিক নথিতে তা ভাঙ্গামোড় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। এ অনিয়মের প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রতিকার না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বঞ্চিত মসজিদ কমিটি, মুসল্লিগণ ও এলাকাবাসী।
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য সীমিত পরিসরে মাসিক সম্মানী ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়। ২০২৬ সালের ঈদুল ফিতরের পূর্বে তালিকা প্রণয়নের লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে জামে মসজিদ নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, সমাজসেবা কর্মকর্তাকে সদস্য সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজারকে সদস্য করে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
কিন্তু অভিযোগ উঠেছে, রহস্যজনক কারণে ভাঙ্গামোড় ইউনিয়নের খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না করে ফুলবাড়ী ইউনিয়নের খরিবাড়ী বাজার পুরাতন জামে মসজিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ফুলবাড়ী সদর ইউনিয়নের কাচারিমাঠ জামে মসজিদকেও তালিকায় রাখা হয়েছে। ফলে একটি ইউনিয়নে একাধিক মসজিদ অন্তর্ভুক্ত হলেও ভাঙ্গামোড় ইউনিয়নের কোনো মসজিদই তালিকাভুক্ত হয়নি, যা নীতিমালার পরিপন্থী বলে দাবি সংশ্লিষ্টদের।
এ ঘটনায় ভাঙ্গামোড় ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা সরকারি এই গুরুত্বপূর্ণ ভাতা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।
খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদের স্থানীয় মুসল্লিগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি মসজিদের নাম-ঠিকানা যাচাই করতে যদি এমন অনিয়ম হয়, তাহলে আমরা কোন দেশে বাস করছি?
১৭ বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালনকারী আবুল কাসেম বলেন, আমাদের মসজিদকে বাদ দিয়ে পাশের ইউনিয়নের একটি মসজিদকে ভাঙ্গামোড় দেখিয়ে তালিকাভুক্ত করা হয়েছে। এটি সুস্পষ্ট দুর্নীতি। আমরা এর সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চাই।
অন্যদিকে তালিকাভুক্ত খরিবাড়ী বাজার পুরাতন জামে মসজিদের মুয়াজ্জিন সাইফুর রহমান বলেন, আমাদের মসজিদটি ফুলবাড়ী ও বড়ভিটা ইউনিয়নের মাঝামাঝি এলাকায় অবস্থিত। এটি ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যে পড়ে না বলেই আমি জানি।
খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একটি করে মসজিদ ভাতা পাবে। সেখানে ভাঙ্গামোড় ইউনিয়নকে বঞ্চিত করা সম্পূর্ণ অনৈতিক। দ্রুত সরেজমিন তদন্ত করে প্রকৃত মসজিদটিকে তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার রাশেদুল ইসলাম বলেন, মাঠপর্যায়ের জরিপকারীরা যে তথ্য দিয়েছে, আমরা তার ভিত্তিতেই তালিকা প্রস্তুত করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তারের কাছে জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি সম্পর্কে অজ্ঞতার কথা জানান। পরে তার স্বাক্ষরিত ফরওয়ার্ডিং চিঠির কপি দেখানো হলে তিনি বলেন, স্বাক্ষর করেছি, তবে পুরো চিঠিটি বিস্তারিতভাবে দেখা হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক (রনি) জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। ফুলবাড়ী উপজেলা থেকে সঠিক তদন্তসাপেক্ষে সংশোধিত তালিকা পাঠানো হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।
স্থানীয়দের দাবি, একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এমন অনিয়ম শুধু প্রশাসনিক ব্যর্থতাই নয়, বরং তা নৈতিকতারও চরম অবক্ষয়ের প্রমাণ। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি বঞ্চিতদের অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’