রাজশাহী, জেলা,প্রতিনিধি :
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)-এর আওতায় পুলিশ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), রাজশাহী সার্কেলের উদ্যোগে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তারা সড়ক দুর্ঘটনা হ্রাসে মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্ব এবং যানবাহন নিয়ন্ত্রিত গতিতে চালানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি শব্দ দূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্নের ব্যবহার পরিহার এবং অপ্রয়োজনে হর্ন না বাজানোর বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, শব্দ দূষণ শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। এ সমস্যা মোকাবিলায় পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. শরিফুল ইসলাম, বিআরটিএ রাজশাহী সার্কেলের কর্মকর্তাবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশ নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, শব্দ দূষণমুক্ত পরিবেশ গঠন এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
দৈনিক চেতনার কন্ঠ