প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 10, 2026 ইং
পাঁচবিবিতে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবিতে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) নওগাঁর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর সদর রাজশাহীর উপ-পরিচালক কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান আলী, বিপিএম (বার), পিএসএম, রাজশাহী রেঞ্জের উপ-পরিচালক (আনসার ও ভিডিপি) ড. মোঃ শফিকুল ইসলাম, জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহানাজ বেগম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইমায়েদুল জাহিদী, পত্নীতলা ব্যাটালিয়নের এডি মোঃ হাচানুর রহমান, কড়িয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মংচাদু মারমা, আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মিল্টন, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক, সাংবাদিক মোঃ হারুনুর রশিদ এবং ইউপি সদস্য মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১৫০ থেকে ২০০ জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থীদের মাঝে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ সনদপত্র বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তিনির্ভর। যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, সীমান্তবর্তী এলাকার যুবকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মমুখী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
সনদ বিতরণ ও মতবিনিময় সভাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
© দৈনিক চেতনার কন্ঠ