প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 6, 2026 ইং
জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী বৈঠক

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় জনসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে জয়পুরহাটে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৬ মে বুধবার বিকেলে জেলার তেঘর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ বৈঠকে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু। তিনি বলেন, একটি উন্নত, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নারীর অধিকার নিশ্চিত করা অপরিহার্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের আরও এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, পরিবার ও সমাজে নারীর প্রতি সম্মানবোধ বৃদ্ধি এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি। নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক সৈয়দ আহমদুল্লাহ শাকিল, ওয়ারিয়র্স অব জুলাইয়ের জেলা আহ্বায়ক রাকিবুল হাসান রকি, এনসিপি জেলা কমিটির সদস্য মুকুল হোসেন ও শাহনাজ পারভীনসহ জুলাই অভ্যুত্থানে শহীদ মেহেদির পরিবারের সদস্যরা এবং অন্যান্য নেতৃবৃন্দ।
© দৈনিক চেতনার কন্ঠ