প্রিন্ট এর তারিখঃ Jun 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 25, 2026 ইং
ক্ষেতলালে নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

ক্ষেতলালে নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু
মো: মোশারফ সরকার,ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিম্নআয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে সুবিধাভোগীরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয়ের সুযোগ পাবেন। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার আলমপুর ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারকে চিহ্নিত করে এই কার্ড প্রদান করা হচ্ছে। এতে করে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, “স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হচ্ছে, যাতে কোনো যোগ্য ব্যক্তি বাদ না পড়ে।” তিনি এ উদ্যোগকে দরিদ্র মানুষের সহায়তায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। কার্ড পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান । উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে ক্ষেতলালের সব ইউনিয়নে এই কার্যক্রম বিস্তৃত করা হবে।
© দৈনিক চেতনার কন্ঠ