প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 4, 2026 ইং
নওগাঁয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম
জানান, গত ৩১ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ গোলাম মোস্তফা (৫৫), মোঃ আবু তাহের (৫৬), কামাল হোসেন (২৩) ও মোঃ মোস্তাফিজ আহমেদ (৪৬)। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল সদৃশ অস্ত্র, ছুরি, লোহার রড, চাপাতি, দা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ