প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2026 ইং
বেগমগঞ্জে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী গণিপুর স্টেডিয়াম সংলগ্ন খাল থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে স্থানীয়রা খালের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে বিষয়টি বেগমগঞ্জ মডেল থানাকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালের ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় গলাকাটা লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তার শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাকে হত্যা করে লাশটি বস্তাবন্দী করে খালে ফেলে দেওয়া হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বাংলাদেশ পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক: এম এ হাসান
বেগমগঞ্জ, নোয়াখালী
মোবাইল: ০১৮১৪৭১৬৩৩৫
তারিখ: ০৯ মার্চ ২০২৬
© দৈনিক চেতনার কন্ঠ