নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী)
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীদের মাঝে বিরাজমান সেই উন্মাদনার ঢেউ এসে লেগেছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভাতেও। প্রিয় দল ব্রাজিলের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করতে পৌরসভার সরকার টেক গ্রামের সমর্থকরা তৈরি করেছেন ৩০০ ফুট দীর্ঘ এক বিশাল পতাকা, যা ইতোমধ্যে পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সরেজমিনে শনিবার সরকার টেক গ্রামে গিয়ে দেখা যায়, বিশ্বকাপকে বরণ করে নিতে এবং প্রিয় দল 'সেলেসাও'দের মানসিকভাবে সমর্থন জোগাতে স্থানীয় ব্রাজিল সমর্থকরা এই বিশাল পতাকাটি তৈরি করেছেন। পতাকাটি টাঙানোর পর থেকেই এটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন।
ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত নইমুদ্দিন আবেগাপ্লুত হয়ে জানান, ছোটবেলা থেকেই তিনি পেলের দেশ ও জাদুকরি ফুটবলের দেশ ব্রাজিলের অন্ধ সমর্থক।
তিনি বলেন, আমার মতো আমাদের গ্রামের অনেকেই ব্রাজিলকে মনেপ্রাণে পছন্দ করেন। প্রিয় দলের প্রতি আমাদের এই আবেগ প্রকাশ করতেই সবাই মিলে এই ৩০০ ফুট দৈর্ঘ্যের পতাকাটি তৈরি করেছি।
নইমুদ্দিন আরও জানান, ভবিষ্যতে এই পতাকাকে ১০০০ ফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাদের এবং তিনি আশাবাদী যে এবার বিশ্বকাপ ট্রফিটি ব্রাজিলের ঘরেই যাবে।
বিশ্বকাপের বাঁশি বাজার আগেই ঘোড়াশালের এই ফুটবল উন্মাদনা প্রমাণ করছে যে, ভৌগোলিক দূরত্ব যাই হোক না কেন, ফুটবল সাম্বার জাদু বাঙালির রক্তে কতটা মিশে আছে। বর্তমানে সরকার টেক গ্রামের অলিগলিতে ফুটবল ভক্তদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এখন মাঠের লড়াইয়ে প্রিয় দল কেমন পারফর্ম করে, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয় ফুটবল অনুরাগীরা।
দৈনিক চেতনার কন্ঠ