মোসাঃ জোসনা খাতুন:
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মাদারগঞ্জে অবস্থিত মাদারগঞ্জ আদর্শ কিন্ডার গার্টেন-এ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা বিদ্যালয়ের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে শিক্ষার্থীরা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে নাচ, গান, কবিতা আবৃত্তি এবং বৈশাখী সাজে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। এতে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শেষ হয়।
দৈনিক চেতনার কন্ঠ