ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে সংঘবদ্ধ জনতার তৎপরতায় আসামি ছিনতাই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
রাজশাহীতে সংঘবদ্ধ জনতার তৎপরতায় আসামি ছিনতাই ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


আকতারুজ্জামান, 
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর পবা উপজেলায় পুলিশের হেফাজত থেকে ‘মব’ তৈরি করে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর হাতকড়া উদ্ধারের বিষয়টি নিয়েও দেখা দিয়েছে নানা বিতর্ক ও ভিন্নমত।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে স্থানীয়দের দাবি, হাতকড়া উদ্ধারের পুরো প্রক্রিয়া নিয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে তাদের বর্ণনার কিছুটা অমিল রয়েছে।
ঘটনাটি ঘটে গত রোববার (২২ মার্চ) সন্ধ্যায়। ওইদিন পবা থানা পুলিশের একটি দল উপজেলার পিল্লাপাড়া মোড়ে অভিযান চালিয়ে মো. রাসেল নামে এক যুবককে গ্রেপ্তার করে। পূর্বশত্রুতার জেরে আফসার আলীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। এর আগে, ১৬ মার্চ ভুক্তভোগী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার দিকে সাহিদা হক ফিলিং স্টেশনের সামনে থেকে রাসেলকে আটক করা হয়। এ সময় তার স্বজন ও স্থানীয় কিছু লোকজন দ্রুত জড়ো হয়ে উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি করেন এবং একপর্যায়ে ‘মব’ তৈরি করে হাতকড়া পরা অবস্থাতেই তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান।
ঘটনার পরপরই পুলিশ হাতকড়া উদ্ধারে তৎপরতা শুরু করে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, কয়েকজনের মধ্যস্থতায় প্রায় দুই ঘণ্টা পর হাতকড়াটি উদ্ধার করা হয়। তাদের দাবি, পুলিশ স্থানীয়দের মাধ্যমে আসামির কাছে হাতকড়ার চাবি পৌঁছে দেয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিকটবর্তী একটি বিল থেকে হাতকড়া খুলে এনে পুলিশের কাছে হস্তান্তর করেন।
তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ প্রশাসন। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, হাতকড়া উদ্ধার করা হয়েছে ঠিকই, তবে চাবি পাঠানোর বিষয়টি ভিত্তিহীন।
তিনি আরও জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু