মোঃ ইউসুফ মিয়া, বগুড়া
২৭শে ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ডাকবাংলো। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি-র উদ্যোগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শুক্রবার দুপুর ১২টায় উপজেলা শিশু পার্ক চত্বরে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক ডাকবাংলোর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জসহ সারাদেশের সার্বিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি আধুনিক ডাকবাংলো নির্মিত হলে সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন পর্যায়ের আগতদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে। এতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। সৃষ্টিলগ্ন থেকে শিবগঞ্জ উপজেলা সদরে কোনো মানসম্মত ডাকবাংলো ছিল না। ফলে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা একটি আধুনিক ডাকবাংলো নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিতে চলেছে, যা শিবগঞ্জের উন্নয়ন অভিযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গ্রামার স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানায়। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
দৈনিক চেতনার কন্ঠ